শিরোনাম:
শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় জরিমানা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ এপ্রিল) উপজেলার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর কৃষি মাঠ এবং চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতি নারায়নপুর কৃষি মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে কৃষিজমির টপ সয়েল উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একজন অভিযুক্তকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















