গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন, ৭জন আটক
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কেটে কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলায় মিছিল চলাকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়া। পরে মিছিলকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেক কাটেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।একই সময়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিল থেকে রঙিন ধোঁয়া উড়িয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে সড়কে অবস্থান নিয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এদিকে শহরের আবু সাঈদ সড়ক থেকে সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শেখ রাবিদের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। সেখানে কেক কেটে কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও কেক কাটার খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে রোববার রাতে টুঙ্গিপাড়া উপজেলায় সাজাপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল বের করা হলে সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকে আটক করে পুলিশ।গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’













