ঈদযাত্রায় নতুন ভোগান্তি অনলাইন টিকিটের নামে প্রতারণা, বিপাকে যাত্রীরা
ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের ঢল নেমেছে রেলস্টেশনগুলোতে। এই ভিড়ের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। অনলাইনে টিকিট কাটার নামে জাল পিডিএফ সরবরাহ করে অনেক যাত্রীকে বিপাকে ফেলছে তারা।
মঙ্গলবার (১৭ মার্চ) কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, স্টেশনের প্রবেশপথ ও ট্রেনের ভেতরে নিয়মিত চেকিংয়ের সময় একাধিক যাত্রীর কাছ থেকে জাল টিকিট ধরা পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব টিকিট কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
রংপুরগামী একটি ট্রেনে একই টিকিটের কপি নিয়ে তিনজন যাত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি সামনে আসে। যাচাই-বাছাই শেষে দেখা যায়, তাদের মধ্যে মাত্র একজনের টিকিট আসল, অন্য দুজন প্রতারণার শিকার।
জাল টিকিট নিয়ে ধরা পড়া এক যাত্রী জানান, তিনি না বুঝেই দোকান থেকে টিকিট কিনেছিলেন। পরে সেটি অবৈধ প্রমাণিত হওয়ায় তাকে বাড়তি টাকা দিয়ে আবার স্ট্যান্ডিং টিকিট নিতে হয়েছে।রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের জাল টিকিটধারীদের শনাক্ত করে জরিমানা করা হচ্ছে এবং প্রয়োজনে নতুন টিকিট ইস্যু করা হচ্ছে। তবে আগের বছরের তুলনায় জাল টিকিটের সংখ্যা কিছুটা কমেছে বলেও তারা দাবি করেন।
এদিকে ঈদের ছুটি শুরু হওয়ায় কমলাপুর স্টেশনে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়েছে। প্রায় প্রতিটি ট্রেনেই অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। অনেক যাত্রীকে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে ঝুঁকি নিয়ে যাত্রা করতে দেখা যায়।
সময়ের ব্যাপারেও কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর স্টেশনে পৌঁছানো যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হয়নি। ফলে অনেকে টিকিট থাকা সত্ত্বেও ট্রেন মিস করেছেন।
এমন পরিস্থিতিতে ভোগান্তির পাশাপাশি উদ্বেগও বাড়ছে যাত্রীদের মধ্যে। সংশ্লিষ্টরা বলছেন, নির্ভরযোগ্য উৎস ছাড়া টিকিট না কেনা এবং যাত্রার আগে সময়মতো স্টেশনে পৌঁছানোই এই ঝামেলা এড়ানোর একমাত্র উপায়।













