জ্বালানির মূল্যবৃদ্ধির পরে পরিবহন ভাড়া নিয়ে সিদ্ধান্ত আজ
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
গত বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতার পেছনে মধ্যপ্রাচ্যের সংঘাতকে বড় কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে, যেখানে গত দেড় মাস ধরে জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। এতদিন জেট জ্বালানি ছাড়া অন্যান্য জ্বালানির দাম অপরিবর্তিত থাকলেও শেষ পর্যন্ত সব ধরনের জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। এই নতুন মূল্য ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।
জ্বালানির দাম বাড়ার পরপরই পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে ভাড়া বৃদ্ধির চাপ দেখা দেয়। যদিও সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও কিছু স্থানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের বাকবিতণ্ডাও হচ্ছে।
এ অবস্থায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিসরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা দিয়েছে। একইসঙ্গে বাস ও ট্রাকের ভাড়া সমন্বয় বিষয়ে পরিবহন মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা সচিবালয়ে বৈঠক করেছেন।

























